তেজগাঁও সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করলে কঠোর ব্যবস্থা

নিউজ ডেস্ক: তেজগাঁও আনিসুল হক সড়কে কোন গাড়ি পার্কিং করা যাবে না। এই সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এমনটাই বলেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।

বুধবার ডিএনসিসির অঞ্চল-৩ এর আওতাধীন তেজগাঁও আনিসুল হক সড়কের অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করে ডিএনসিসি। অভিযান শেষে মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এখানে এলে এই রাস্তা খালি হয়ে যায়। আবার আমরা ফিরে গেলে আগের মতই সড়ক দখল করে রাখে। ট্রাক মালিক ও চালক আর আইনশৃঙ্খলা বাহিনীর সাথে টম অ্যান্ড জেরি খেলা খেলছে। এই কাজ করে সড়কে যানজট তৈরি হচ্ছে এবং জনভোগান্তি হচ্ছে। এই টম অ্যান্ড জেরি খেলা আর খেলতে দেয়া হবে না। জনগণের চলাচল বাধাগ্রস্ত করে এই রাস্তায় কোন গাড়ি রাখতে দেয়া হবে না।

বেলা সাড়ে এগারোটায় মেয়র আতিকুল ইসলাম সরেজমিনে সড়কটি পরিদর্শনে যান। ট্রাক মালিক সমিতির অফিসের সামনে সড়ক জুড়ে বেশ কিছু ট্রাক রাখা ছিল। মেয়রের নির্দেশে পরে সেখান থেকে ওই ট্রাকগুলো সরিয়ে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ডিএনসিসি মেয়র পুরো সড়কটি ঘুরে দেখে বলেন, ‘রেললাইনের পরপরই লেগুনার স্টেশন করা হয়েছে। এধরনের লেগুনা স্টেশন এখানে কোনভাবেই থাকতে পারবে না। কোন ট্রাক-কাভার্ড ভ্যান দাঁড়াতে পারবে না।

এ সময় ট্রাক মালিকরা জানান, গাড়ি রাখার জন্য প্রয়োজনীয় জায়গা তাদের নেই। জায়গার ব্যবস্থা করতে মেয়রকে অনুরোধ জানান মালিকরা। জবাবে মেয়র বলেন, আগে রাস্তা খালি করতে হবে পরে আপনাদের কথা শুনবো। মালিক সমিতি ও চালক সমিতির নেতাদের আমার কথা শুনবেন তাহলেই আমি আপনাদের কথা শুনবো। আপনারা সহযোগিতা করলে আমিও আপনাদের সহযোগিতা করবো। আজকে থেকে এই রোডে কোন গাড়ি থাকবে না, এটি আপনারা নিশ্চিত করবেন।

আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি এখানে রিকশার জন্য আলাদা লেইন তৈরি করে দিয়েছি। সেদিক দিয়ে রিকশাসহ অযান্ত্রিক যান চলবে। বাধাহীনভাবে অযান্ত্রিক যানগুলো এই লেন ব্যবহার করে চলতে পারবে। ফলে ট্রাক রাখতে পারবে না। এ বিষয়টি পুলিশ নিশ্চিত করবে।

মেয়র আতিক/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *