দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

৫ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

রোববার রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ ফেরদৌস আলী গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে আহতদের মধ্যে থেকে আরও চারজনের মৃত্যু হয়েছে।

আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহণের একটি বাসের সাথে ইসলাম পরিবহণের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বৃষ্টিতে ভিজে উদ্ধারকাজ পরিচালনা করেছেন। ঘটনাস্থল থেকে নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার হয়েছে। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে এদের মধ্য থেকে আরও চারজন চিকিৎসাধীন মারা গেছে।

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি মাহবুব মোর্শেদ জানান, নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ