০৪ মে ২০২১ (স্পোর্টস ডেস্ক): শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।
মঙ্গলবার বিকাল ৩টায় একটি চাটার্ড ফ্লাইটে করে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন টাইগাররা।
সফরে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ দল। দলের হারের জন্য টস ভাগ্যকে দুষছেন অধিনায়ক মুমিনল হক সৌরভ। তার দাবি টস হেরে যাওয়াতেই ম্যাচে হেরে গেছেন তারা।
মুমিনুল বলেন, এই সিরিজে অবশ্যই প্রাপ্তির কিছু না কিছু আছে। আমি সিরিজ হেরেছি এর মানে এই না যে, সব কিছু হেরে গিয়েছি। আমি জানি একটু সমালোচনা হবে, অনেকেই অনেক কথা বলবেন। এর ভেতরেও অনেক ইতিবাচক দিক আছে বলে আমার কাছে মনে হয়।
তিনি বলেন, প্রথম টেস্টে আমরা যেটা করতে পেরেছি গত ২-১টি টেস্টে সেই পারফরম্যান্স আমরা করতে পারিনি। আমার কাছে মনে হয়, প্রথম টেস্টে আমরা দল হিসেবে খেলতে পেরেছি। যদি দেখেন তামিম ভাইয়ের দুটি ৯০ আছে, একটা ৭০ আছে। শান্তর একটা ১৬৩ আছে, মুশফিক ভাই ও লিটনের হাফ সেঞ্চুরি আছে।
ক্রিকেট/এসকেএম















