দ্বিতীয় দিনের সকালটা বাংলাদেশের

৩০ এপ্রিল ২০২১ (স্পোর্টস ডেস্ক): শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের সকালটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

এই সেশনে ২৬ ওভারে ৪৩ রানের খরচে শ্রীলংকার ৩ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের বোলাররা। প্রথম দিন ৯০ ওভারে করা ১ উইকেটে ২৯১ রান নিয়ে খেলতে নামে শ্রীলংকা। মধ্যাহ্ন-বিরতির পর্যন্ত লংকানদের স্কোর ১১৬ ওভারে ৪ উইকেটে ৩৩৪ রান।

লাহিরু থিরিমান্নে ১৩১ রান নিয়ে শুরু করে ১৪০ রানে আউট হন। থিরিমান্নেকে শিকার করে বাংলাদেশকে দিনের প্রথম ব্রেক-থ্রু এনে পেসার তাসকিন আহমেদ। ১৫টি চারে ২৯৮ বলে নিজের ইনিংসটি সাজান থিরিমান্নে।

থিরিমান্নের পর শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজকেও শিকার করেন তাসকিন। ৫ রান করেন ম্যাথুজ।

তাসকিনের সাথে আজ উইকেট শিকারের তালিকায় নাম তুলেন স্পিনার তাইজুল ইসলামও। প্রথম টেস্টে ১৬৬ রান করা ধনাঞ্জয়া ডি সিলভাকে ২ রানের বেশি করতে দেননি তাইজুল।

ওশাদা ফার্নান্দো ৪০ রান নিয়ে শুরু করে ৬৫ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী পাথুম নিশাঙ্কার সংগ্রহ শুন্য।

বাংলাদেশের তাসকিন ৮৬ রানে ২টি, শরিফুল ৫৯ ও তাইজুল ৬২ রানে ১টি করে উইকেট নিয়েছেন।

ক্রিকেট/এসকেএম