নওগাঁয় ট্রাকচাপায় চার শিক্ষকসহ নিহত ৫

২৪ জুন ২০২২ (নিউজ ডেস্ক, নওগাঁ): নওগাঁয় ট্রাক, ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তারা ট্রেনিং দিতে যাচ্ছিলেন।

শুক্রবার সকাল ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার বাবলাতলী এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নওগাঁ সদর থানার ওসি নজরুল ইসলাম গণমাধ্যকে এ তথ্য জানিয়েছেন।

নিহত পাঁচজনের মধ্যে চারজনের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলায়। তারা হলেন- নিয়ামতপুর উপজেলার বাদ নেহেন্দা গ্রামের ৪৭ বছর বয়সী দেলোয়ার হোসেন, বিজলী গ্রামের ৫৮ বছর বয়সী মকবুল হোসেন, ভাদরন্ড গ্রামের ৩৫ বছর বয়সী জান্নাতুল ও ডাঙ্গাপাড়া গ্রামের অটোরিকশাচালক ৪৫ বছর বয়সী সেলিম। নিহত অপরজন হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ২৬ বছর বয়সী লেলিন।

এদের মধ্যে দেলোয়ার, মকবুল, জান্নাতুল ও লেলিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তারা একটি ট্রেনিংয়ে অংশ নিতে নিয়ামতপুর থেকে নওগাঁ শহরে যাচ্ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ামতপুর থেকে নওগাঁ যাওয়ার পথে সদর উপজেলার বাবলাতলী এলাকায় যাত্রীবাহী অটোরিকশাটির সাথে প্রথমে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এরপর ছিটকে পড়া অটোরিকশাটিকে পেছন থেকে আসা ট্রাক্টরটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি সড়কের পাশে খাদে গিয়ে পড়ে। ঘটনার পর নওগাঁ ফায়ার সার্ভিসের দুটি দল উদ্ধারকাজ শুরু করে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ