৩ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): নাইজেরিয়ায় বন্দুকধারীদের চোরাগোপ্তা হামলায় অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন। দেশটির নাইজার প্রদেশে শিরোরো এলাকার একটি খনিতে এ সপ্তাহের শুরুতে এ হামলার ঘটনা ঘটে।
রোববার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
গত বুধবার এ হামলার পর হামলাকারী ব্যক্তিরা খনি এলাকা থেকে চারজন চীনা নাগরিকসহ বেশ কিছু খনি শ্রমিককে অপহরণ করেন। তাদের খোঁজে সেখানে কিছু সেনা মোতায়েন করা হয়েছিল। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালানোর সময় তারা একদল বন্দুকধারীর হামলার শিকার হন।
নাইজারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় নাইজার প্রদেশে রাষ্ট্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা কমিশনার এমানুয়েল উমর অবশ্য প্রথমে বলেছিলেন, অজতা আবোকি নামের একটি গ্রামে এই হামলায় অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলার জবাব দিতে গেলে একদল বন্দুকধারী চোরাগোপ্তা হামলা করে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা। এ সময় তিনটি সামরিক ট্রাকে থাকা অন্তত ৩০ সেনা নিহত হন। শিরোরো ও নাইজারের রাজধানী মিনারের দুটি সূত্র গতকাল এ তথ্য জানায়।
লড়াইয়ে হেরে যাওয়া বিষয়ে সাধারণত নাইজেরিয়ার সেনাবাহিনীকে কোনও মন্তব্য করতে দেখা যায় না। তবে এবার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এ নিয়ে একটি বিবৃতি দেয়া হয়। ওই বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিরোরোতে তুমুল লড়াইয়ে আমাদের বেশ কিছু সেনাকে মূল্য দিতে হয়েছে।
নাইজেরিয়া/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply