নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ব্যাপক প্রাণহানি

১২ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, নাইজেরিয়া): নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল জামফারা রাজ্যে সশস্ত্র ডাকাত দলের গুলিতে ৫৩ জন নিহত হয়েছেন।

দেশটির পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্থানীয়রা জানান,  বৃহস্পতিবার ও শুক্রবার মোটরসাইকেল আরোহী একদল ডাকাত জুরমি জেলায় অন্তত ছয়টি গ্রামে হামলা চালায়। মাঠে কর্মরত কৃষকদের তারা গুলি করে।

জামফারা পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু বলেন, শুক্রবার ১৪টি মৃতদেহ উদ্ধার করে রাজ্যের রাজধানী গুসাওতে নেয়া হয়েছে। ওই এলাকায় পুলিশ মোহায়েন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আরও ৩৯টি লাশ উদ্ধার করে পামের দাওরান শহরে কবর দেয়া হয়েছে।

মুসা আরজিকা নামের এক বাসিন্দা বলেন, ওই এলাকায় শেষকৃত্য সম্পন্ন করাটাও কঠিন। কারণ ডাকাতরা জুরমি বনে ঘুরে বেড়াচ্ছে। যেকোনও সময় হামলা করে বসতে পারে।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও মধ্য অঞ্চলীয় এলাকাতে সাম্প্রতিক বছরগুলোতে শসস্ত্র ডাকাতদলের উৎপাত বেড়েছে। এছাড়াও অপহরণকারীর সংখ্যাও বেড়েছে। গত ডিসেম্বর থেকে এসব অঞ্চলে ৮৫০ জনের বেশি শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। অধিকাংশ সময় মুক্তিপণ দেয়ার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে।

নাইজেরিয়া/এসকেএম