নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়

০৮ সেপ্টেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস আছে বাংলাদেশের। কিউদের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের কোনও স্মৃতি ছিল না। এবার ইতিহাস রচনা করে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল মাহামুদউল্লাহর দল।

বুধবার টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের আগে সবকটি উইকেট হারিয়ে ৯৩ রান করে সফরকারী নিউজিল্যান্ড। জবাবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারের আগে ৬ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আগে ব্যাটিংয়ে নেমে নাসুম আহমেদের স্পিন বিভ্রান্ত হয়ে ১১ দশমিক ৩ ওভারে ৫২ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড।

দলের এমন বিপর্যয়ে হাল ধরেন উইলি ইয়াং। তিনি একাই দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। উইকেটের একপাশ ইয়াং আগলে রাখলেও অন্য প্রান্তের ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে।

ইনিংসের শেষ দিকে কিউই শিবিরে ধস নামান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার গতির মুখে পড়ে ১৯ দশমিক ৩ ওভারে ৯৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। কিউইদের হয়ে উইলি ইয়াং একাই ৪৬ রান করেন।

বাংলাদেশের হয়ে চার ওভারে ১০ ও ১২ রান খরচায় সমান ৪টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

৯৪ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৬ ওভারে মাত্র ৩৭ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৬৭ রানে নিজের ভুলে রান আউট হয়ে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম। সাজঘরে ফেরার আগে ৩৫ বলে এক চার ও এক ছক্কায় ২৯ রান করেন নাঈম।

এরপর আফিফ হোসেনকে সাথে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৮ বলে এক চার ও দুই ছক্কায় ৪৩ রান করেন রিয়াদ।

ক্রিকেট/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *