নিজের বিয়েও বাতিল করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

২৩ জানুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধ জারি করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। আর এই বিধিনিষেধ মানতে গিয়ে বাধ্য হয়েই নিজের বিয়েও বাতিল করেছেন তিনি।

রোববার জেসিন্ডা বিয়ে বাতিলের এ ঘোষণা দেন।

বিধিনিষেধ সম্পর্কে বিস্তারিত জানিয়ে জেসিন্ডা বলেন, আমার বিয়েও হবে না। মহামারি ঠেকাতে বিধিনিষেধের কারণে এ ধরনের অভিজ্ঞতা এর আগে যাদের হয়েছে, আমিও তাদের দলে যোগ দিলাম। আমি খুবই দুঃখিত।

একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার পথে এক পরিবারের নয়জন ওমিক্রনে আক্রান্ত হয়। ওই পরিবার যে উড়োজাহাজে ভ্রমণ করেছিল, সেখানকার একজন কর্মীও ওমিক্রনে সংক্রমিত হয়। এরপর স্থানীয় সময় গতকাল শনিবার মধ্যরাত থেকে নিউজিল্যান্ডে বিধিনিষেধ জারি করা হয়।

এছাড়াও দেশটিতে ভিড় কমানোসহ গণপরিবহন ও দোকানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

উল্লেখ্য, জেসিন্ডা আরডার্ন ও তার দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ড এর আগে কখনোই বিয়ের তারিখ ঘোষণা করেননি। তবে ধারণা করা হয়েছিল, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তারা বিয়ের পিঁড়িতে বসবেন।

এখন নতুন বিধিনিষেধের কারণে আগামী মাসের পরে তাদের বিয়ের তারিখ ঘোষণা করা হতে পারে।

বিশ্বে মহামারির শুরুর পর থেকে এ পর্যন্ত নিউজিল্যান্ডে ১৫ হাজার ১০৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৫২ জন।

নিউজিল্যান্ড/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *