নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কোনও সহিংসতায় না জড়াতে দলের নেতাকর্মীদের ঠান্ডা মাথায় চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাদের সাথে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে এই যৌথসভা অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, দলমত নির্বিশেষে দেশের অব্যাহত উন্নয়ন যাত্রা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে নিয়ে যেতে দলের নেতাকর্মীদের ঠান্ডা মাথায় চলতে হবে। কোথাও সহিংসতা বা সংঘাতে জড়ানো যাবে না। নেত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছেন তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। দেশের মানুষের প্রত্যাশা ও দেশ পরিচালনার চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২০২৪ সালে নতুন বাংলাদেশের যাত্রা শুরু। শেখ হাসিনার নেতৃত্বে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এগুলো নেতাকর্মীদের চাঙ্গা রাখার অপকৌশল। দেশের জনগণ ভোট দিয়েছে। যারা বর্জনের ডাক দিয়েছে ভোটাররা তাদের বর্জন করেছে।
ওবায়দুল কাদের বলেন, ভবিষ্যতে কুচক্রির বিরুদ্ধে আমাদের নজর আরও বাড়াতে হবে। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। কিন্তু বিএনপি করে। এটা তাদের জনবিচ্ছিন্নতার মাত্রা আরও বাড়িয়ে দিবে। কোনও ক্ষতি যেন করতে না পারে সে জন্য আমরা সর্বদা সতর্ক। সব কিছু মোকাবেলা করেই আওয়ামী লীগ আজকের বিজয়ের মাহেন্দ্রক্ষণে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপর অর্পিত দায়িত্ব পালনে অবিচল।
ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক ও ডাক্তার মোস্তাফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বি এম মোজাম্মেল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply