পরিবেশমন্ত্রীর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

০৮ মে ২০২১ (নিউজ ডেস্ক): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন এর ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার তার নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার ১ হাজার ৭ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ কেজি সয়াবিন তেল প্রদান করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ঢাকায় সরকারি বাসভবন হতে মন্ত্রী অনলাইনে যুক্ত হন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের মানুষকে সব প্রকারে সহায়তা করছে।

মন্ত্রী এসময় অসহায়দের দিকে সাহায্যের হাত বাড়ানোর জন্য বেসরকারি সংগঠন ও বিত্তবান মানুষদের প্রতি আহ্বান জানান।

বড়লেখা উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র মোহাম্মদ আবুল ইমাম আহমদ কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ যুগ্মসাধারণ সম্পাদক একেএম হেলাল উদ্দিন, বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দীন। জুড়ী উপজেলায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাসসহ অন্যরা।

মোহাম্মদ শাহাব উদ্দিন/এসকেএম