পীরগঞ্জের ঘটনায় ছাত্রলীগকে জড়ানোর অপচেষ্টা ব্যর্থ

২৬ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, পীরগঞ্জের ঘটনায় ষড়যন্ত্রকারীরা ছাত্রলীগকে জড়ানোর যে অপচেষ্টা করেছিল তা ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের উত্তরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ একথা বলেন। সংসদ সদস্য মোহাম্মদ আয়েন উদ্দিন ও আদিবা আঞ্জুম মিতা, রাজশাহীর ডেপুটি কমিশনার আব্দুল জলিল, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি নওশের আলী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি অনিল কুমার সরকারসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে আগুন দেয়ার অপরাধে গ্রেপ্তারকৃতদের মধ্যে মোহাম্মদ সৈকত মণ্ডলকে নানা অপকর্মের কারণে ছাত্রলীগ থেকে অনেক আগেই বের করে দেয়া হয়েছে। তাকে কারমাইকেল কলেজ ছাত্রলীগের সদস্য বলে অপপ্রচার চালানো হয়েছে।

ডক্টর হাছান বলেন, রংপুর মহানগর ছাত্রলীগ এবিষয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা বলেছে, সে একজন অনুপ্রবেশকারী ছিল। কোনোভাবে একটা বিভাগের একেবারে সর্বনিম্ন পর্যায়ের কমিটিতে তার নাম ছিল। পরে তাকে বের করে দেয়া হয়েছে। যাকে আগেই ছাত্রলীগ থেকে বের করে দেয়া হয়েছে, সে যখন কোনও অপকর্ম করে, তখন সে দায় কখনও ছাত্রলীগের ওপর দেয়া যায় না।

আওয়ামী লীগ যুগ্ম সাধারাণ সম্পাদক বলেন, ছাত্রলীগের বিরুদ্ধে সব সময় একটি বিরূপ প্রচারণা চালানো হতে দেখা যায়। দুর্নীতি খোঁজার নামে বা কোনও কিছুর গন্ধ পাওয়া যায় কি না, সেভাবেও ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা করা হয়। কিন্তু এটি পরিষ্কার যে, পীরগঞ্জের ক্ষেত্রে কোনোভাবেই ছাত্রলীগকে দোষারোপ করার সুযোগ নেই।

তথ্যমন্ত্রী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *