পুলিশের বাড়িতে লুটপাট

১৭ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক, পাবনা): পাবনার সাথিয়ায় এবার একজন পুলিশের বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ধোপাদহ ইউনিয়নের দয়ারামপুর ওই গ্রামে তিন সপ্তাহ আগে দুই গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছিল।

শুক্রবার রাতে হত্যা মামলার আসামি আলহাজের ভাই রবিউল ইসলাম নামে এক পুলিশ সদস্যের বাড়িতে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। রবিউল ইসলাম পুলিশ বিভাগে কনস্টেবল হিসেবে বগুড়ায় আছেন।

জানা গেছে, হামলার ঘটনায় রবিউলের বাড়ির চারটি রুমে লুটপাট ও ভাংচুর হয়। তার ১০৫ বছর বয়েসি বাবা আবদুর রহমান ও ৯০ বছর বয়েসি মা হাজেরা খাতুন আতঙ্কিত অবস্থায় রয়েছেন।

তারা জানিয়েছেন, শুক্রবার রাতে মুখোশ পরা ১০/১৫ জনের একটি দল আচমকা তাদের বাড়িতে হামলা চালায়। প্রথমেই হামলাকারীরা ছুরির ভয় দেখিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়। এরপর লুটপাট চালায়।

রবিউলের বৃদ্ধ বাবা জানিয়েছেন, হামলাকারীরা বাড়ি থেকে চারটি খাট, চারটি ফ্যান, একটি ফ্রিজ, দুইটি শোকেস, দুইটি নলকূপ, পানির মোটর, খাবার রাখার দুইটি র‌্যাক, বাক্সে রাখা নগদ টাকা ও স্বর্ণালংকার, জমির দলিল, ধানসহ সবই লুট করে নিয়ে গেছে।

তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষ তাদের বাড়িতে ভাংচুর করলে সাথিয়া থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগের কারণে ক্ষুধ্ব হয়ে শুক্রবার রাতে তারা এই ভাংচুর ও লুটপাট করে।

সাথিয়া থানা থেকে দায়িত্ব পাওয়া মামলার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

লুটপাট/আরএম/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *