নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী এবং পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার বালুখালী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহতের একজন ৮ নাম্বার ক্যাম্পের আশ্রিত মোহাম্মদ নুর প্রকাশ ইউনুছের ছেলে সলিম উল্লাহ ও অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
দুই রোহিঙ্গা নিহতের ঘটনা স্বীকার করে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ৪০-৫০ জন রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্রসহ ক্যাম্প ৮ ইস্টের হেডমাঝি মোহাম্মদ রফিকে মারতে আসে। খবর পেয়ে ৮ এপিবিএনের টহলরত টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশ পুলিশ বলে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে দুজন রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হন। ঘটনাস্থল থেকে ২টি দেশীয় বন্দুক ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।
রোহিঙ্গারা জানান, ওই ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের সদস্যদের ওপর হামলা চালায় আরসার লোকজন। এতে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। পরে এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তখন তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় দুই রোহিঙ্গা সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
নিহতদের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রোহিঙ্গা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply