পেট্রোল বোমায় মানুষ হত্যার দুঃসহ স্মৃতি মানুষ ভোলেনি

নিউজ ডেস্ক: পেট্রোল বোমা মেরে বিএনপির মানুষ হত্যা ও দগ্ধ করার দুঃসহনীয় স্মৃতি মানুষ আজও ভোলেনি। তাই ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশের কথা শুনে ঢাকাবাসী আতঙ্কগ্রস্থ হয়ে উঠেছে। তারা ভাবছে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার মহোৎসব বিএনপি আবার শুরু করবে কিনা? এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

সোমবার নিজ নির্বাচনী এলাকা নাজিরপুর উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে এক উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শ ম রেজাউল করিম এসব কথা বলেন।

নাজিরপুরে ৭ কোটি টাকা বরাদ্দের ৫ তলা ভিতের একটি হাসপাতালের ১ম ও ২য় তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, অতীতের মত জনসাধারণের ওপর অত্যাচার নির্যাতন করা হলে, বোমা মেরে গরুবাহী ট্রাকে গরু পুড়িয়ে হত্যা করলে, বাসে আগুন দিলে এদেশের শান্তিপ্রিয় জনগণই এর জবাব দেবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই হচ্ছে এদেশের স্বাধীনতা প্রিয় মানুষের আশা-আকাঙ্খার শেষ ভরসাস্থল। তার বিষ্ময়কর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের ক্ষেত্রে বিশ্বের একটি অনুকরণীয় রাষ্ট্রে পরিণত হয়েছে।

নাজিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু অনুষ্ঠিত উন্নয়ন সমাবেশে সভাপতিত্ব করেন।

শ ম রেজাউল করিম/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ