নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় মির্জাচরে দুবৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিক নিহত হয়েছেন। একটি সভা চলাকালীন সন্ত্রাসীরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি করে। পরে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
শনিবার বিকাল ৪টায় রায়পুরায় দুর্গম চরাঞ্চল মির্জাচর ইউনিয়নের শান্তিপুর স্কুল মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই আতঙ্কে উপস্থিত লোকজন দিগ্বিদিক ছুটে যায়। খবর পেয়ে রায়পুরা থানাপুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহত চেয়ারম্যান মানিকের ভাই বারসন মিয়া। তিনি জানান, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ মোহাম্মদ ফিরোজ মিয়ার সমর্থকরা গুলি করে মানিককে হত্যা করেছে।
নিহত জাফর ইকবাল মানিক মির্জাচর গ্রামের মৃত আব্দুল মোতালিব মিয়ার ছেলে। তিনি টানা দুইবার মির্জাচর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং একই ইউনিয়নের যুবলীগ সভাপতি তিনি।
জানা যায়, একটি সভায় যোগ দিতে রায়পুরায় মির্জাচর ইউনিয়নের শান্তিপুর স্কুল মাঠে যায় মির্জাচর ইউনিয়নের চেয়ারম্যান জাফর ইকবাল মানিক। সভাস্থলে যাওয়ার কিছুক্ষণ পর তিন সন্ত্রাসী চেয়ারম্যানকে লক্ষ করে শটগান দিয়ে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকায় নেয়ার পর তার মৃত্যু হয়।
রায়পুরার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সত্যজিত ঘোষ বলেন, চেয়ারম্যান গুলিবিদ্ধ হয়েছে। কিন্তু মারা যাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত হতে পারিনি। তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকায় নেয়া হয়েছে। আমরা এলাকায় যাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।
নরসিংদী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply