২১ জুন ২০২২ (নিউজ ডেস্ক): ঢাকা নগর পরিবহন সেবার আওতায় আগামী ১ সেপ্টেম্বর থেকে আরও ৩ রুটে ২০০টি বাস চালু করা হবে। এমনটাই জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র এবং বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার দুপুরে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর রুটে পরীক্ষামূলকভাবে ঢাকা নগর পরিবহনের যাত্রা শুরু হয়।
শেখ ফজলে নূর তাপস বলেন, নতুন ৩টি রুটের মধ্যে ২২ নম্বর রুটে ৫০টি, ২৩ নম্বর রুটে ১০০টি ও ২৬ নম্বর রুটে ৫০টি বাস নামানো হবে। এই তিন রুটের সব বাসই হবে নতুন। তিনটি রুটে যাত্রী ছাউনী, বাস বে ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নের কাজ আগামী ৩০ জুলাইয়ের মধ্যে শেষ হবে।
২২ নম্বর রুটটি হলো-ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর টাউন হল, আসাদ গেট, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল, টিকাটুলি, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কোনাপাড়া হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত।
২৩ নম্বর রুট হচ্ছে- ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর শিয়া মসজিদ, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, কলাবাগান, সায়েন্স ল্যাব, শাহবাগ, মৎস্যভবন, প্রেসক্লাব, গুলিস্তান, দৈনিক বাংলা, কমলাপুর, ধলপুর, যাত্রাবাড়ী, শনির আখড়া, রায়েরবাগ, মাতুয়াইল, সাইনবোর্ড, চিটাগাং রোড পর্যন্ত।
২৬ নম্বর রুট হলো- ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর টাউন হল, আসাদ গেট, কলাবাগান, সায়েন্স ল্যাব, নিউমার্কেট, আজিমপুর, পলাশী মোড়, চাঁনখারপুল, পোস্তগোলা হয়ে কদমতলী পর্যন্ত।
মেয়র বলেন, তিনটি রুটে বাস চালু করতে তারা ১ সেপ্টেম্বর সময় নির্ধারণ করেছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ১ সেপ্টেম্বর তিনটি রুটে বাস চালুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি দিলে তারা বাস চালু করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ তাপস।
মেয়র তাপস/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply