ফিরে গেলেন দেবী দুর্গা

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২০ (নিউজ ডেস্ক): প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা। বিজয়া দশমীতে আজ দুপুর থেকেই শুরু হয় প্রতিমা বিসর্জন। দুপুর একটার পর বুড়িগঙ্গার ওয়াইজঘাটে বীণাস্মৃতি স্নানঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাজধানীতে দেবীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন মণ্ডপ থেকে ঘাটে আসা প্রতিমার বিসর্জন চলে।

সকাল নয়টা সাতান্ন মিনিটের মধ্যে দশমী পূজার মূল আনুষ্ঠানিকতা বা দর্পণ বিসর্জন হয়। এর আগে, সকাল ৬টা ৪৫ মিনিট পর শ্রী শ্রী দেবীর দশমীবিহিত পূজা শুরু হয়ে প্রতিমা-নিরঞ্জন ও শান্তির জল প্রদান করা হয়। দর্পণ বিসর্জনের পর দেবী দুর্গা ও অন্যান্য দেবদেবীর বিসর্জন দেয়া হয়। এর মধ্য দিয়ে দেবী দুর্গা মর্ত্য ছেড়ে স্বর্গে ফিরেন।

দুপুর বারোটা থেকে ঢাকায় প্রস্তুত থাকে বিসর্জনের ঘাটগুলো। রাজধানীর বেশিরভাগ বিসর্জন হয় বুড়িগঙ্গার সোয়ারীঘাটে। টঙ্গীর তুরাগ নদীতেও বিসর্জন হয়। সন্ধ্যা ছটার মধ্যে সবাইকে বিসর্জন শেষ করার নির্দেশনা দেয় মহানগর পূজা উদযাপন কমিটি।

বিসর্জনের সময় অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি ঘাটে কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের সদস্যরা প্রস্তুত ছিলেন।

করোনা ভাইরাসের কারণে এ বছর পূজায় কোন ধরনের শোভাযাত্রা হয়নি। প্রতিমা বিসর্জনের জন্য শুধু ১০ জনকে প্রতিমার সঙ্গে ঘাটে আসতে বলা হয়। প্রতিমা ঘাটে নেয়ার পর ভক্তরা শেষবারের মতো ধূপধুনো নিয়ে আরতি করেন। শেষে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে দেবীকে নৌকায় তুলে বিসর্জন দেয়া হয়।

করোনা মহামারীর কারণে সংক্রমণ এড়াতে এ বছর ধর্মীয় আচার সংক্ষিপ্ত করা হয়। উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলোকে বাদ দিয়ে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রাখতে হবে বিধায় এবারের দুর্গোৎসবকে শুধু ‘দুর্গাপূজা’ হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

করোনা ভাইরাসের কারণে এবার পুজা উদযাপনে বেশ কিছু বিধি নিষেধও প্রদান করা হয়্। মণ্ডপে দর্শনার্থীদের উপস্থিতি সীমিত করা ও সন্ধ্যায় আরতির পরই বন্ধ করে দেয়া হয় পুজামণ্ডপ। অন্যান্য বারের মত এবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধুনুচি নাচের প্রতিযোগিতা বাদ দেয় বিভিন্ন মণ্ডপ। স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রসাদ বিতরণ ও বিজয়া দশমীর শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়। পুজার সময় বেশির ভাগ ভক্তরা এবার অঞ্জলি নিয়েছেন ভার্চুয়াল পদ্ধতিতে।

বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটি ছিল।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দেয়া তথ্য অনুসারে, এ বছর সারাদেশে ৩০ হাজার ২২৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। গত বছর সারাদেশে দুর্গাপূজার মন্ডপের সংখ্যা ছিল ৩১ হাজার ৩৯৮টি।

বিসর্জন/এএম/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *