বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক: ৪ বছরের বকেয়া বেতন ও বিভিন্ন পাওনাদি পরিশোধের দাবিতে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে রেখেছেন ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের লেনী ফ্যাশন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় ডিইপিজেডের অন্যান্য কারখানার শ্রমিকদেরও ভেতরে প্রবেশ করতে বাধা প্রদান করেন আন্দোলনরত শ্রমিকরা।

বুধবার সকাল থেকে নবীনগর-কালিয়াকৈর ও চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলেও জানান তারা।

শ্রমিকরা জানান, প্রায় ৪ বছর আগে ২০২১ সালে বকেয়া বেতন ও শ্রম আইন অনুযায়ী ২৬ (১) ধারায় পাওনাদি পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিভিন্ন অজুহাত দেখিয়ে শ্রমিকদের সাথে টালবাহানা করে যাচ্ছে কর্তৃপক্ষ। সবশেষ আগামী ৩০ নভেম্বর তাদের পাওনাদি পরিশোধের তারিখ নির্ধারণ করা হলেও অনিশ্চয়তায় ভুগছেন শ্রমিকরা। ৪ বছর ধরে তারিখ নির্ধারণ করেও শ্রমিকদের কোনও ধরনের পাওনাদি পরিশোধ করা হয়নি। তাই নির্ধারিত তারিখে পাওনা পরিশোধের নিশ্চয়তা চেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

শ্রমিক মাহতাব বলেন, আমাদের বেতন পরিশোধ না করা পর্যন্ত আমরা ডিইপিজেড এর সব কারকানা বন্ধ করতে বাধ্য হবো। আমাদের নানান প্রতিশ্রুতি দিয়েও বকেয়া নিয়ে সবাই প্রতারণা করছে।

আন্দোলনরত শ্রমিকরা আরও বলেন, আমরা বেপজা কর্তৃপক্ষকে তিনটি দাবি দিয়েছিলাম। কিন্তু এসব দাবি মানা হচ্ছে না। এর মধ্যে অন্যতম হলো-বেপজা চেয়ারম্যানের অবরোধে উপস্থিত হয়ে আগামী ৩০ নভেম্বর শ্রমিকদের সব পাওনাদি পরিশোধের নিশ্চয়তা প্রদান। কিন্তু তিনি উপস্থিত হয়ে দুই মাসের মধ্যে কারখানা বিক্রি করে পাওনাদি পরিশোধের আশ্বাস দেন।

এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিষয়টি সমাধানের জন্য বলে আসছি। আজও আমরা বিষয়টি সমাধানে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *