বঙ্গবন্ধুর শান্তির দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সব পর্যায়ে শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে থেকেছেন। তিনি ছিলেন শান্তির প্রতীক। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক, মানবিক ও শান্তির দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এমনটাই বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার নওগাঁ পোরশা উপজেলা পরিষদ হল রুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এমন কোন খাত নেই যেখানে প্রধানমন্ত্রীর সাহায্য পৌঁছায়নি। কমিউনিটি ক্লিনিক গরিব মানুষের চিকিৎসা সেবার জন্য তৈরি করে শেখ হাসিনার সরকার। বিএনপি ২০০১ ক্ষমতায় এসে সেই কমিউনিটি ক্লিনিক বন্ধ করেছিল। অথচ কমিউনিটি ক্লিনিক এখন বিশ্বে মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

কৃষকবান্ধব সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশে বাম্পার ফলন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এদেশে খাদ্য সংকট হবেনা। কৃষকের জন্য সরকার ভর্তুকি মূল্যে সার দিচ্ছে। বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে। কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে।

সাধন চন্দ্র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য, দেশের মানুষের জন্য বারবার কারাবরণ করেছেন। অধিকার আদায়ে বদ্ধপরিকর ছিলেন তিনি। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হয়েছে মধ্যম আয়ের দেশ।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পোরশা উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মঞ্জুর মোর্শেদ, পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *