স্পোর্টস ডেস্ক: ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ। অন্তত ১৩টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে এই দুর্যোগ। ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরের বেশকিছু উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্তীর্ণ জনপদ এখনো পানির নিচে। এমন পরিস্থিতিতে সবাই যার যার অবস্থান থেকে বন্যার্তদের সাহায্য করার চেষ্টা করছেন। বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
দিন দুয়েক আগে বিসিবি সভাপতির দায়িত্ব নেয়া ফারুক আহমেদ প্রয়োজনীয় সব ধরনের সহায়তার পাশাপাশি অন্যান্য মানুষদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে বিসিবি। বন্যার্ত মানুষদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের সহায়তা, ত্রাণ ও প্রয়োজনীয় সরঞ্জাম দেয়া হবে জানিয়েছে বিসিবি। এ লক্ষ্যে সরকারের সাথে সমন্বয় করা হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলছেন, বর্তমানে বন্যা কবলিত মানুষদের নিয়ে আমরা ভাবছি। তাদের এই কঠিন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। সাহায্য ও ত্রাণ দেয়ার বিষয়ে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। এই সংকটাপন্ন অবস্থা কাটিয়ে ওঠার জন্য যে ধরনের সহযোগিতাই প্রয়োজন হবে, তার সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োজিত করতে আমরা প্রস্তুত।
তিনি আরও বলেন, এই চ্যালেঞ্জিং সময়ে বিসিবি সহায়তার হাত বাড়াতে নিবেদিত থাকবে এবং এই সংক্রান্ত কাজে প্রয়োজনীয় যোগান দিতে আমরা সমন্বয় অব্যাহত রাখব। এ কাজে আমরা সবাইকে আহ্বান করছি, যেন তারাও নিজেদের জায়গা থেকে প্রচেষ্টা চালিয়ে যায়।
বন্যা/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply