আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি ও মিসরের ৫৮ নাগরিক নিয়ে ১৮ দিন ধরে ইতালির সমুদ্রবন্দরে আটকে আছে অভিবাসী উদ্ধারকারী জাহাজ ‘মারে ইউয়োনিয়ো’।
সম্প্রতি তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশের উদ্দেশ্যে লিবিয়া থেকে যাত্রা শুরু করেছিল বলে ‘লা রিপাবলিকা’ ও ‘এএনএসএ’সহ ইতালির স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়।
তবে উদ্ধার হওয়া এই দুই দেশের নাগরিকরা ‘নিরাপদ দেশের’ বাসিন্দা হওয়ায় এখনও তাদের ইতালির বন্দরে নামার অনুমতি দেয়নি ইতালি সরকার।
এদিকে ভূমধ্যসাগর থেকে ‘নিরাপদ দেশের’ নাগরিকদের উদ্ধার করে ইতালিতে আনার দায়ে আবারও জাহাজটিকে জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। এ নিয়ে একই অভিযোগে মোট তিনবার জরিমানা করা হলো জাহাজটিকে।
সম্প্রতি ইতালির করা ‘নিরাপদ দেশের’ তালিকায় ১৯টি দেশের সাথে নাম উঠে আসে বাংলাদেশের। যেসব দেশে যুদ্ধ নেই বা দেশের অধিকাংশ মানুষ নিরাপদ এবং দেশত্যাগের মতো কোন পরিস্থিতি তৈরি হয়নি, এসব দেশকে ‘নিরাপদ দেশ’ হিসেবে তালিকাভুক্ত করেছে ইতালি সরকার। আর এই তালিকায় রয়েছে বাংলাদেশের নামও।
নিয়মানুযায়ী এসব ‘নিরাপদ দেশের’ নাগরিকদের উদ্ধার করার পর আলবেনিয়ায় পাঠানোর কথা রয়েছে। পরে দ্রুত সময়ের মধ্যে সব প্রক্রিয়া শেষে যদি ওই নাগরিক ইতালিতে প্রবেশের অনুমতি পায়, তাহলে তাকে ইতালিতে প্রবেশ করতে দেয়া হবে, অথবা নিজ দেশে ফেরত পাঠানোর বিধান রয়েছে।
এর ধারাবাহিকতায় দুই সপ্তাহ আগে ১০ বাংলাদেশি ও ৬ মিশরীয় নাগরিককে আলবেনিয়ায় পাঠানো হয়। কিন্তু মেলোনি সরকারের এই আলবেনিয়া স্থানান্তরের বিষয়টি নিয়ে ইউরোপীয় আদালতে অভিযোগ করে মানবাধিকার কমিশন ও বামপন্থী রাজনৈতিক দলগুলো। পরে ইইউ আদালতের নির্দেশে তাদের আবারও ইতালির বারি শহরে নেয়া হয়।
অভিবাসী/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply