নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রাণিসম্পদ খাত এক সময় সারাবিশ্বের দৃষ্টান্ত হবে। এমনটাই বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অন্যান্য সব খাতকে অতিক্রম করে বহুমুখী ভূমিকা রাখছে। অদূর ভবিষ্যতে আরও ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রাষ্ট্র নানা উপায়ে প্রাণিসম্পদ খাতে সহযোগিতা দিচ্ছে, প্রণোদনা দিচ্ছে। কাজেই সম্মিলিতভাবে প্রাণিসম্পদ খাতকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এ খাত যত জোরদার হবে দেশের অর্থনীতি তত জোরদার হবে। বেকারত্ব দূর হচ্ছে, কর্মোদ্যোক্তা তৈরি হচ্ছে, মানুষ স্বাবলম্বী হচ্ছে, গ্রামীণ অর্থনৈতিক অবস্থা সচল হচ্ছে।
প্রাণিসম্পদ খাতের সাম্প্রতিক উন্নয়ন চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, প্রাণিচিকিৎসায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিক চালু করা হয়েছে। দেশে আন্তর্জাতিক মানের প্রাণিসম্পদ উৎপাদন উপকরণ ও প্রাণিজাত খাদ্যের মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। গবাদিপশুর জন্য টোটাল মিক্সড রেশন খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। প্রাণিসম্পদ নিয়ে মানুষের মধ্যে যেন একটা নতুন ধারণা সৃষ্টি হয় সেজন্য বেসরকারি খাতকে সাথে নিয়ে সরকার প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় প্রাণিসম্পদ খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন উল্লেখ করে তিনি বলেন, অতীতে গুরুত্ব না দিলেও দেশের প্রাণিসম্পদ খাতকে এখন সবাই গুরুত্ব দেয়। অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ডসহ পৃথিবীর অনেক দেশ প্রাণিসম্পদকে ঘিরে উন্নয়ন করছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর নাহিদ রশীদ।
রেজাউল করিম/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply