বাংলাদেশের সংগ্রহ ২৪৬

২৫ মে ২০২১ (স্পোর্টস ডেস্ক): শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে বাংলাদেশ সংগ্রহ ২৪৬ রান।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে টাইগাররা। ইনিংসের ১ দশমিক ৪ ওভারের মধ্যেই উইকেট হারান ওপেনার তামিম ইকবাল ও সাকিব আল হাসান। মাত্র ১৫ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন তামিম-সাকিব।

এরপর ৩৪ রানের ব্যবধানে ফেরেন অন্য ওপেনার লিটন দাস। মোহাম্মদ মিঠুনের পরিবর্তে ব্যাটিংয়ে নেমে ১২ বলে ১০ রান করে আউট মোসাদ্দেক হোসেন সৈকত।

৮৪ রানে তামিম, সাকিব, লিটন, মোসাদ্দেক আউট হওয়ার পর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। পঞ্চম উইকেটে তাদের ৮৭ রানের জুটিতে বড় স্কোরের পথে হাঁটে বাংলাদেশ।

৪ উইকেটে ১৬১ রান করা বাংলাদেশ এরপর খেই হারিয়ে ফেলে। এরপর মাত্র ২৩ রানে মাহমুদউল্লাহ রিয়াদ (৪১), আফিফ হোসেন (১০) ও মেহেদী হাসান মিরাজ (০) আউট হন।

নয় নম্বরে ব্যাটিংয়ে নামা মোহাম্মদ সাইফউদ্দিনকে সাথে নিয়ে মুশি জুটি গড়তেই বৃষ্টির বাগড়া। বৃষ্টির কারণে ২৩ মিনিট খেলা বন্ধ থাকার পর ফের খেলা শুরুর পর এক ওভার দুই বল মাঠে গড়াতেই আবারও বৃষ্টির বাগড়া।

দ্বিতীয়বার যখন বৃষ্টি শুরু হয় তখন ৯৬ রানে অপরাজিত ছিলেন মুশফিক। বৃষ্টির কারণে ৩৪ মিনিট পর খেলা শুরু হলে সেঞ্চুরি করতে বেশি সময় নেননি তিনি। দুশমন্ত চামিরাকে বাউন্ডারি হাঁকিয়ে ১১৪তম বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে ামস্টার ডিপেন্ডেবল।

দলকে চ্যালেঞ্জিং স্কোর উপহার দিতে সেঞ্চুরির পর মারকুটে ক্রিকেট খেলার চেষ্টা করেন মুশফিক। কিন্তু তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি সাইফউদ্দিন, শরিফুলরা। মুশফিক সেঞ্চুরি করার পর রানআউট হয়ে ফেরেন সাইফউদ্দিন। এর আগে তিনি করেন ৩০ বলে ১১ রান। শূন্য রানে ফেরেন শরিফুল। শেষ ব্যাটসম্যান হিসেবে খেলতে নামা মুস্তাফিজকে সাথে নিয়ে শেষ ১২ বল খেলতে পারেননি মুশফিক।  বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচআউট হয়ে ফেরেন মুশফিক। তার আগে ১২৭ বলে ১০টি চারের সাহায্যে করেন ১২৫ রান।

ক্রিকেট/এসকেএম/আরএম