২১ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): বাগেরহাটে ট্রাকচাপায় ব্যাটারিচালিত রিকশার এক চালক ও এক আরোহী নিহত হয়েছেন। এ সময় ট্রাকের ধাক্কা লেগে রাস্তার পাশের খাদে পড়ে যায় রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সও। আহত হয়েছেন রিকশা ও অ্যাম্বুলেন্সের আরও অন্তত তিনজন। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
সোমবার দুপুর পৌনে ১২টার দিকে বাগেরহাট সদর উপজেলার বৈটপুর এলাকায় পিরোজপুর-বাগেরহাট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগেরহাটের কচুয়া উপজেলার খলিসাখালী এলাকার ৫৫ বছর বয়সী মিজানুর রহমান এবং একই উপজেলার দোবাড়িয়া এলাকার রিকশাচালক ৬২ বছর বয়সী লুৎফর রহমান।
স্থানীয় লোকজনের বরাতে পুলিশ জানায়, বাগেরহাট সদরের বেমরতা এলাকা থেকে দুই আরোহী নিয়ে ব্যাটারিচালিত একটি রিকশা শহরের দিকে আসছিল। পথে বৈটপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে রিকশাচালক ও এক আরোহী ঘটনাস্থলে নিহত হন। একই সময় রিকশার পেছনে থাকা পিরোজপুর থেকে খুলনাগামী একটি অ্যাম্বুলেন্সও ট্রাকের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনাস্থলে রিকশাচালকের মৃত্যু হয়। আহত দুই আরোহীকে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
অ্যাম্বুলেন্সচালক মোহাম্মদ মিলন বলেন, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে রোগী নিয়ে খুলনার উদ্দেশে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকটি সামনে থাকা একটি রিকশাকে চাপা দিয়ে তার অ্যাম্বুলেন্সে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তার বোন গুরুতর আহত হন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থলে রিকশাচালকের মৃত্যু হয়। আহত দুই আরোহীকে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস দুর্ঘটনায় পড়া অ্যাম্বুলেন্সের রোগী ও স্বজনদের উদ্ধার করে খুলনা হাসপাতালে ভর্তি করে। নিহত দুজনের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply