আন্তর্জাতিক ডেস্ক: জি-২০ সম্মেলনে অংশ নিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সপ্তাহে ইন্দোনেশিয়ার বালিতে এ সম্মেলন হওয়ার কথা রয়েছে। অবশ্য প্রেসিডেন্ট পুতিন অংশ না নিলেও আসন্ন এ সম্মেলনে রুশ প্রতিনিধি দল অংশ নেবে।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স ও বিবিসি।
টানা সাড়ে আট মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ এই সময় ধরে উভয় দেশের হামলা-পাল্টাহামলা এবং মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞাও রাশিয়াকে তার অবস্থান থেকে সরিয়ে আনতে পারেনি।
তবে সম্প্রতি ইউক্রেনের প্রতিরোধে দখল করা অঞ্চল ছাড়তে হচ্ছে রুশ বাহিনীর।
এমতাবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে আসবেন না বলে ধরে নেয়া হচ্ছে।
যদিও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরোধিতা সত্ত্বেও এই সম্মেলনে পুতিনের সশরীরে যোগ দেয়ার পরিকল্পনার কথা আগেই জানানো হয়েছিল।
ইন্দোনেশিয়ায় অবস্থিত রাশিয়ার দূতাবাস বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, আসন্ন শীর্ষ সম্মেলন সামনে রেখে প্রেসিডেন্ট পুতিনের কর্মসূচি নিয়ে ‘এখনও কাজ করা হচ্ছে’ এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভার্চ্যুয়ালি এই সম্মেলনে অংশ নিতে পারেন।
ভ্লাদিমির পুতিন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















