২ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): পটুয়াখালীর কলাপাড়ায় বাসচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার সকাল সাতটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া অংশের ঘুটাবাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ১৪ বছর বয়সী মোহাম্মদ বায়জিদ ও একই ইউনিয়নের উত্তর গৈয়াতলা গ্রামের ৪৭ বছর বয়সী সেলিম তালুকদার। এ ঘটনায় আহত তিনজন হলেন- মামুন, নিজাম উদ্দিন ও আরাফাত। আহত ব্যক্তিরা বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনা পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস পটুয়াখালীর কুয়াকাটা যাচ্ছিল। বাসটি ইউনিয়নের ঘুটাবাছা এলাকা পার হওয়ার সময় ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি একটি ইজিবাইকের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক সেলিম তালুকদারের মৃত্যু হয়। এ সময় তার সাথে থাকা যাত্রী মোহাম্মদ বায়েজিদ গুরুতর আহত হন। তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, দুজনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গেছেন। তার মাথা থেঁতলে গেছে। বায়েজিদ নামের আরেকজনকে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। আহত ব্যক্তিদের মাথা, চোখ ও শরীরে গুরুতর জখম হয়েছে। তারা কেউই শঙ্কামুক্ত নন। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছেন। তবে বাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:














Leave a Reply