বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

০২ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক, মৌলভীবাজার): মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার বিকাল তিনটার দিকে মৌলভীবাজার কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের রাজনগর উপজেলার মাতিউরা চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজনগর উপজেলার উত্তরবাগ চা বাগানের বাসিন্দা রবীন্দ্র কর্মকারের ছেলে সুজন কর্মকার ও রণজিৎ রায়ের ছেলে রাজন রায়।

মোটরসাইকেলের অপর আরোহী একই বাগানের সিতারাম দুসাদের ছেলে দীপন দুসাদ মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিতালী পরিবহন নামে দ্রুতগতির একটি বাস মাতিউরা নামক স্থানে একটি মোটরসাইকেলকে জোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সুজন কর্মকার ও রাজন রায় ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনার সাথে জড়িত বাস ও বাসচালক বরিশাল জেলার বাবুগঞ্জ থানার পশ্চিম বরচরের আব্দুস সালামের ছেলে মোহাম্মদ জনিকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে রাজনগর থানা পুলিশের কাছে সোপর্দ করেন তারা।

রাজনগর থানার ওসি আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানান, পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম