নিউজ ডেস্ক: বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে সংসদ অচল হবে না। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার বিকেলে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির সংসদ থেকে পদত্যাগ সিন্ধুর মাঝে বিন্দু। এতে সংসদ অচল হবে না। এই বুদ্ধি যারা দিয়েছেন তারা অচিরেই পস্তাবেন। পতন যখন শুরু হয় তখন মানুষ ইচ্ছার বাইরেও ভুল করে। বিএনপির সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্তও ভুল।
তিনি বলেন, বিএনপির কোনও সংবিধান নেই, ফখরুল ইসলাম কবে সেক্রেটারি জেনারেল হয়েছে তার মনে নেই। সম্মেলন কবে হয়েছে তাও তিনি জানেন না।
তিনি বলেন, গণতন্ত্র শুধু আওয়ামী লীগের ভেতর আছে, বিএনপির ঘরে নেই গণতন্ত্র। তারা কীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। তাদের বলতে চাই, তাদের দলের সম্মেলন কবে হয়েছে? এ দলের জাম্বু-জেড মার্কা কমিটি কবে হয়েছে, কয়টা মিটিং হয়েছে। বিদেশিদের বলি তারা কেন জিজ্ঞেস করে না? তারা কীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
ওবায়দুল কাদের বলেন, খেলা হবে, এ লড়াই বড় কঠিন লড়াই, এ লড়াইয়ে জিততে হবে, ইনশাআল্লাহ আমরা জিতবো। শনিবার আকাশে মেঘ ছিল, সব মেঘ কেটে গেছে, আতঙ্ক দূর হয়েছে, স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের ভেতর।
তিনি বলেন, এখনও পাঁচ মাসের রিজার্ভ আমাদের আছে আমদানি করা জন্য, যেখানে তিন মাসের রিজার্ভ থাকলেই হয়। আগে আমাদের দেশের মানুষ বাঁচাতে হবে, তার পর বড় বড় মেগা প্রকল্প পুনরায় আমরা হাতে নেব।
কাতার বিশ্বকাপের কথা উল্লেখ করে সেতুসন্ত্রী বলেন, আপনারা তো বিশ্বকাপ খেলা দেখছেন। একদিনও লোডশেডিং পেয়েছেন? বাংলাদেশের জন্য শেখ হাসিনার কোনও বিকল্প নেই। উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। এত সৎ নেতা, এত ভালো মানুষ পঁচাত্তরের পর এ দেশে আর একজনও আসেনি। আল্লাহর অনুগ্রহ। এ দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর হাত ধরে। এ দেশে মুক্তি হবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরে।
ওবায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply