বিএনপি যতই ঘণ্টা বাজায়, জনগণ ততই আওয়ামী লীগের পক্ষ নেয়

২০ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যতই সরকারের বিদায় ঘণ্টা বাজায়, ততই জনগণ আওয়ামী লীগকে সমর্থন দেয়।

রোববার পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিতে সেখানে পৌঁছালে দুপুরে সার্কিট হাউজ চত্বরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

ডক্টর হাছান মাহমুদ বলেন, ২০০৯ সালে আমরা সরকার গঠন করার কয়েক মাস পর থেকেই আন্দোলনের নামে বিএনপি বলে আসছে, এই সরকারের দিন ঘনিয়ে এসেছে। রিজভী সাহেব বলেছেন, সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। তারা যতই এসব বলে আসছে, ততই জনগণ আমাদের পক্ষ নিয়েছে।

বিএনপি নেতারা নয়াপল্টন অফিসে বসে বসে প্রতিদিনই আমাদের বিদায় ঘন্টা বাজান, কিন্তু তাদের সেই ঘন্টা বাজানোতে জনগণ সাড়া দেবে না’ উল্লেখ করেন তথ্যমন্ত্রী। বলেন, জনগণের রায় নিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পরপর তিনবার রাষ্ট্র পরিচালনা করছেন। জনগণ শেখ হাসিনার সাথে আছে, আওয়ামী লীগের সাথে আছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও বিপুল ভোটে জয় লাভ করে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেব প্রেসক্লাবে গিয়ে বিএনপি ঘরোনা সাংবাদিকদের সামনে অনেক কথা বলেছেন। বাংলাদেশে সংবাদপত্রসহ সব গণমাধ্যম যে ধরণের স্বাধীনতা ভোগ করে সেটি পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ। প্রধানমন্ত্রী যেভাবে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন এবং গত ১৩ বছরে যেভাবে গণমাধ্যমের বিকাশ ঘটেছে, অনেক উন্নয়নশীল দেশ তো বটেই অনেক উন্নত দেশেও এতো স্বাধীনতা নেই।

পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ও রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন, আওয়ামী লীগ কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি, আওয়ামী লীগের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, পঞ্চগড় ১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট এ সময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *