বুয়েটের ফারদিন হত্যায় বান্ধবী বুশরা গ্রেফতার

নিউজ ডেস্ক: বুয়েটছাত্র ফারদিন নূর পরশ হত্যার ঘটনায় প্রধান আসামি তার বান্ধবী বুশরাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই একটি বেসরকারি ছাত্রী বুশরাকে গ্রেফতার করে পুলিশ। এদিন সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। মামলার প্রধান আসামি বুশরাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, বুশরাকে তার রামপুরার বাসা থেকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশের একটি দল।

এর আগে ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় বান্ধবী বুশরাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।

প্রসঙ্গত, ফারদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বুয়েটের ডক্টর এম এ রশীদ হলে সংযুক্ত থাকলেও হলে থাকতেন না। পরিবারের সাথে ঢাকার কোনাপাড়া এলাকায় থাকতেন।

নারায়ণগঞ্জ পুলিশ গত সোমবার ফারদিন নূরের লাশ উদ্ধার করে। ফারদিন নূরের বাবা কাজী নূর উদ্দিন একজন সাংবাদিক। তিনি দ্য রিভারাইন নামে ব্যবসাবিষয়ক একটি নিউজ পোর্টালের সম্পাদক। মা সাহারা খাতুন গৃহিণী। তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায়।

শনিবার থেকে ফারদিন নূরের খোঁজ মিলছিল না। ওই দিনই রাজধানীর রামপুরা থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি করেন তার বাবা কাজী নূর উদ্দিন। এতে বলা হয়, শুক্রবার (৪ নভেম্বর) বেলা তিনটার দিকে আমার ছেলে ফারদিন নূর পরশ ঢাকার ডেমরা থানাধীন কোনাপাড়ার নিজ বাসা থেকে বুয়েটের আবাসিক হলের উদ্দেশ্যে বের হয়।

পরদিন শনিবার সকাল ১০টায় তার বিভাগের (সিভিল ইঞ্জিনিয়ারিং) পরীক্ষা ছিল। পরে জানতে পারি যে আমার ছেলে পরীক্ষায় অংশ নেয়নি। ছেলের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পাই। পরে খোঁজ নিয়ে জানতে পারি যে একজন মেয়েবন্ধুর সাথে রিকশায় করে রামপুরা থানাধীন ট্রাফিক বক্সের সামনে নেমে যায় সে। সে এখনও বাসায় ফেরেনি।

বুয়েট/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *