আন্তর্জাতিক ডেস্ক: বেলারুশ সরকার বলেছে, রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের সাথে তাদের একটি সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তির আওতায় ওয়াগনার বাহিনী বেলারুশের সেনাদের প্রশিক্ষণ দেবে। গত মাসের শেষের দিকে রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে ওয়াগনার বাহিনীর স্বল্পস্থায়ী বিদ্রোহের পর এ চুক্তি হয়।
গতকাল শুক্রবার বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেন, ওয়াগনার গ্রুপের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে সমঝোতার ভিত্তিতে তারা একটি রোডম্যাপ তৈরি করেছেন। এ রোডম্যাপ অনুযায়ী, অদূর ভবিষ্যতে সশস্ত্র বাহিনীগুলোর বিভিন্ন শাখার মধ্যে অভিজ্ঞতা আদান-প্রদান এবং প্রশিক্ষণ দেয়ার ব্যাপারে আলোচনা হয়েছে।
বিদ্রোহের আগে ইউক্রেনে রুশ বাহিনীর হয়ে যুদ্ধে ওয়াগনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রায় দেড় বছর ধরে এ যুদ্ধ চলছে।
ওয়াগনারের কতজন যোদ্ধা এখন বেলারুশে আছেন, কিংবা আরও যোদ্ধা তাদের সাথে যোগ দেবেন কি না, সে ব্যাপারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সুনির্দিষ্ট করে কিছু জানায়নি। তবে তারা বলেছে, সামনে যা যা হবে, তা নিয়ে জনগণকে নিয়মিত জানানো হবে।
বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও পোস্ট করেছে। এতে দেখা গেছে, দেশটির আসিপোভিচি শহরের কাছে একটি সামরিক এলাকায় ওয়াগনার যোদ্ধারা বেলারুশের সেনাদের নির্দেশনা দিচ্ছেন। বেলারুশের রাজধানী মিনস্ক থেকে এলাকাটি প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে গত ২৪ জুন মস্কো অভিমুখে যাত্রা শুরু করেছিল ওয়াগনার। তারা রোস্তভ অন দন শহরের নিয়ন্ত্রণ নিয়েছিল। পরে বেলারুশের প্রেসিডেন্টের মধ্যস্থতায় বিদ্রোহ থেকে সরে আসেন ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোশিন। সমঝোতা অনুযায়ী, ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোশিন তার যোদ্ধাদের বিদ্রোহ থামাতে বলেন। আর এর বিনিময়ে রাশিয়া তাদের বিরুদ্ধে করা বিদ্রোহের অভিযোগ প্রত্যাহার করে নেয়।
ওয়াগনার বাহিনী/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply