০২ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মাণবাড়িয়া প্রেসক্লাবসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেছে জাতীয় প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছায়। পরে তারা প্রেসক্লাব ও বিভিন্ন ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এবং স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। আহত সাংবাদিকের খোঁজখবরও নেন তারা।
এ সময় জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, সাংবাদিকদের ওপর আঘাত করা মানে গণতন্ত্রের ওপর আঘাত করা। সম্প্রতি সহিংসতার সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবসহ দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের ওপর যে হামলা ও গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে তা থেকে স্পষ্ট বুঝা যায় তাদের লক্ষ্য ছিল সাংবাদিকদের আঘাত করা।
তিনি বলেন, যেকোনও স্থানে সাংবাদিকদের ওপর আঘাত মানে প্রত্যেকের মনে করতে হবে এটা আমার ওপর আঘাত। কারণ এ পেশা টিকিয়ে রাখতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। পেশাগত কাজের ক্ষেত্রে আমরা এক হয়ে দায়িত্ব পালন করব। ঐক্যের কোনও বিকল্প নেই। এসময় তিনি সব সাংবাদিককে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।
জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে পরিদর্শনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সদস্য (আর্ট নিউজের প্রধান সম্পাদক) রহমান মুস্তাফিজ, আশরাফ আলী, আইয়ুব ভূঁইয়া, রেজানুর রহমান, শাহনাজ পলি, সৈয়দ আবদাল আহমদ, শাহনাজ সোমা।
জাতীয় প্রেসক্লাব/এসকেএম














