আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্য প্রদেশের ইন্দোরে শ্রী বালেশ্বর মন্দিরে রামনবমী উপলক্ষ্যে পূজা দিতে গিয়ে মেঝে ধসে গভীর কূপে পড়ে ৩৫ জন পুণ্যার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে মধ্যপ্রদেশের ইন্দোরের প্যাটেল নগর এলাকায় শ্রী বালেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। খবর: এনডিটিভি।
গতকাল সকালে শ্রী বালেশ্বর মহাদেব মন্দিরে কয়েক শ পুণ্যার্থী হাজির হয়েছিলেন। পূজা চলার সময় পুণ্যার্থীদের অনেকেই মন্দিরের ভেতরে একটি কূপ ঢেকে রাখতে ব্যবহৃত স্ল্যাবের ওপর উঠে পড়েন। বহু পুরোনো কূপটির মুখ কংক্রিটের স্ল্যাব দিয়ে ঢাকা ছিল। মানুষের ওজনে স্ল্যাবটি ভেঙে পড়ে বলে পুলিশ জানিয়েছে।
এ দুর্ঘটনার পরপরই ১১ জনের মরদেহ উদ্ধার করার কথা জানান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তবে উদ্ধারকাজ চলমান ছিল। আজ শুক্রবার সকাল নাগাদ মোট ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ জনকে। এখনও নিখোঁজ রয়েছেন একজন। ইন্দোরের কালেক্টর ইলায়রাজা টি এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধারকাজ চলছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি ৫ লাখ রুপি এবং আহত ব্যক্তিদের জন্য ৫০ হাজার রুপি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন।
দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করেছেন। তিনি লিখেছেন, ইন্দোরের এ দুর্ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত। হতাহত ও তাদের পরিবারের জন্য আমি প্রার্থনা করছি।
ভারত/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply