ভূমধ্যসাগরে সাত বাংলাদেশির মৃত্যু

২৫ জানুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অতিরিক্ত ঠাণ্ডায় জমে সাত বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ইতালির কোস্টগার্ড লাম্পেদুসা উপকূলের কাছে নৌকাটি ভাসতে দেখে তাদের উদ্ধার করে। খবর: রয়টার্স।

খবরে বলা হয়, লাম্পেদুসা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে সাগরে নৌকাটি ভাসতে দেখে উদ্ধার অভিযান চালায় ইতালির কোস্টগার্ড। নৌকাটিতে তারা তিনজনকে মৃত অবস্থায় পায়। বাকি চারজন নৌকাটি কূলে ভেড়ানোর অল্প কিছুক্ষণের মধ্যেই মারা যান।

লাম্পেদুসার মেয়র সালভাতোরে মারতেল্লো এক বিবৃতিতে জানিয়েছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। নৌকাটিতে ২৮০ জন আরোহীর অধিকাংশই বাংলাদেশ ও মিসরের নাগরিক।

ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের প্রধান গন্তব্য ইতালি। চলতি বছরের প্রথম ২৪ দিনেই ১ হাজার ৭৫১ জন অভিবাসনপ্রত্যাশী ইতালির বিভিন্ন বন্দরে নেমেছেন।

ইতালি/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ