০৪ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): রাজধানীর মগবাজার ওয়্যারলেসগেট এলাকায় বিস্ফোরণের স্থান থেকে গ্যাস বের হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
রোববার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক দিনমণি শর্মা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সকালে ভবনটির আশপাশে দায়িত্বরত পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে জানায়, ভবনটি থেকে গ্যাস লিকেজ হচ্ছে। এবং ধোঁয়ার মতো কিছু দেখা যাচ্ছে। খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। যেহেতু জায়গাটিতে কিছুদিন আগে একটি বড় ধরনের বিস্ফোরণ এবং প্রাণহানির ঘটনা ঘটেছে সেহেতু বিষয়টিকে আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি। ভবনটি থেকে কেন গ্যাস লিকেজ হচ্ছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মোহাম্মদ নুরুল্লাহ জানান, বিস্ফোরণে বিধ্বস্ত ভবন এবং এর দুই পাশের ভবনে তিতাসের কোনও গ্যাস-সংযোগ নেই। ফায়ার সার্ভিস ভবনে যে গ্যাসলাইনের অস্তিত্ব পেয়েছিল, সেটি অচল বলেও দাবি করেছিলেন তিনি।
উল্লেখ্য, গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় মগবাজারে তিনতলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ভবনটির আশপাশের শতাধিক মানুষ।
মগবাজার বিস্ফোরণ/এসকেএম















