০৬ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে ভবন মালিক সমিতিকে সম্পৃক্ত করতে ওয়ার্ড কাউন্সিলরদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার দক্ষিণ সিটির সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাথে দিক-নির্দেশনামূলক এক সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।
মেয়র বলেন, আপনারা ফ্ল্যাট-অ্যাপার্টমেন্টভিত্তিক ভবনের মালিক সমিতির সাথে কথা বলবেন। সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক আছেন, তাদেরকে অনুরোধ করবেন তাদের আঙ্গিনায়, তাদের বাসা-বাড়ির বিভিন্ন জায়গায় যেন আমাদের মশক কর্মীরা ঢুকতে পারে। কারণ, আমরা দেখছি বাসাবাড়ির আনাচে-কানাচে, বিভিন্ন সামগ্রী, চাকা, পরিত্যক্ত প্লাস্টিকের বোতল-পাত্রে বৃষ্টির পানি জমে থাকার কারণে মশকের বিস্তৃতি হচ্ছে।
দুইটি বাসার মাঝখানে অনেক জায়গায় পানি জমে থাকে উল্লেখ করে ব্যারিস্টার শেখ তাপস বলেন, এসব জায়গায় বিভিন্ন পাত্র-সামগ্রীর মধ্যে পানি জমে থাকে। সেগুলো পরিষ্কার করতে হবে। সেগুলোতে লার্ভিসাইডিং করতে হবে। কীটনাশক ছিটিয়ে দিতে হবে। কারণ এসব জায়গায় বৃষ্টির পরে জমা পানিতে দুই-তিনদিনের মধ্যেই এডিস মশার বিস্তৃতি ঘটে, প্রজনন ঘটে। ছাদের কার্নিশে ও ছাদের অনেক জায়গায় পানি জমে থাকে, সেগুলো দেখতে হবে।
মহিলা কাউন্সিলরদের প্রতি অনুরোধ জানিয়ে মেয়র বলেন, আপনাদের বিভিন্ন বাসাবাড়িতে অনায়সে যাতায়তের সুযোগ আছে। যেসব বাসাবাড়িতে ফুলের টব-ছাদবাগান বেশি আছে, আপনারা প্রয়োজনে সেসব বাসাবাড়িতে তাদের প্রবেশের সুযোগ করে দেবেন। বাসাবাড়ির আঙ্গিনা, ছাদে গিয়ে হলেও আমাদের এই মশক নিধন কার্যক্রম পরিচালনা করতে হবে।
মেয়র বলেন, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও গতিশীল করতে হবে। ডেঙ্গুর প্রকোপ কিছু বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালগুলোতে কিছু রোগী ভর্তি হচ্ছে। সুতরাং ওয়ার্ডে ওয়ার্ডে আপনাদের তদারকি আরও বৃদ্ধি করতে হবে। আপনাদের নেতৃত্বে গতবারের ন্যায় আমরা এবারও সফল হব।
ব্যারিস্টার শেখ তাপস মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার জন্য কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, মশক সুপারভাইজরসহ মশক কর্মীদের ধন্যবাদ জানান।
এ সময় মেয়রের সাথে নগর ভবন প্রান্তে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামান উপস্থিত ছিলেন।
মেয়র শেখ ফজলে নূর তাপস/এসকেএম















