মাটিচাপায় প্রাণ গেল তিন ছাত্রের

২৬ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাটিচাপা পড়ে ৩ মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আব্দুস সালামের পুত্র ১৪ বছর বয়সী নাহিদ আহমদ, তছিবুর রহমানের ছেলে ১৫ বছর বয়সী সুমন আহমদ ও আব্দুল করিমের ছেলে ৯ বছর বয়সী কবির হোসেন। নিহতরা সবাই ইসলামনগর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

নিহত নাহিদ আহমদ ও সুমন আহমদ স্থানীয় সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসার ষষ্ঠ ও অষ্ঠম শ্রেণির ছাত্র এবং কবির হোসেন বদরুল নুরুল ইবতেদায়ী মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে নিহত ৩ জন মিলে ভাটেরা রাবার বাগানের একটি টিলার গর্তে পখির ছানা ধরতে যায়। এসময় টিলার মাটি ধ্বসে তাদের ওপর পড়ে যায়।

স্থানীয় লোকজন ওই তিন শিশুকে গর্তে ঢুকতে দেখেন এবং মাটি চাপাকালে তাদের চিৎকারে এগিয়ে আসেন। পরে শিশুদের পরিবারের লোকজনসহ স্থানীয় লোকজনের সহায়তায় মাটি সরিয়ে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। পরে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

শোক/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ