২৮ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): মানবাধিকার বিষয়ে কথা বলার আগে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।
রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর আলোচনা সভার আয়োজন করে।
মেয়র আতিক বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিরা বিভিন্ন দেশে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি খুনিদের আশ্রয় দেয়া সেই দেশের প্রতিনিধিরা আমাদের দেশের মানবাধিকার বিষয়ে কথা বলেন। দয়া করে মানবাধিকার বিষয়ে কথা বলার আগে অবিলম্বে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিন।
তিনি বলেন, শোকাবহ আগস্টে ঘটেছিল ইতিহাসের নৃশংস ঘটনা। একটি পরিবারকে শিশুসহ হত্যার বিচার চেয়ে শেখ হাসিনা, শেখ রেহানাকে ঘুরতে হয়েছে ক্ষমতাসীনদের দ্বারে দ্বারে। কেউ বিচার করেনি। তাদের বুক চাপা কান্না সেদিন কেউ শুনেনি। শোকাবহ এই আগস্টে আমাদের দাবি
অবিলম্বে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে। তাদের সব ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা করতে হবে। কমিশন গঠন করে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।
সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ আব্দুর রহমান। ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান হৃদয়ের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।
মেয়র আতিক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply