মারা গেছেন অভিনেতা সেলিম আহমেদ

২৩ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেতা সেলিম আহমেদ।

বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আজাদ আবুল কালাম। তিনি জানান, সকাল ৯টায় রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেলিম আহমেদ।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) হঠাৎ বুকে ব্যথা শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। দ্রুত তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানেই তিনি মারা যান তিনি।

চিকিৎসকদের বরাত দিয়ে আজাদ আবুল কালাম জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে সেলিম আহমেদের ফুসফুসেও পানি জমে গিয়েছিল। শেষ দিকে কিডনি অকেজো হয়ে পড়ে।

সেলিম আহমেদের অভিনীত প্রথম নাটক ছিল জয়িতা। এরপর তিনি গোলাম মুক্তাদির পরিচালিত লোটাকম্বল ধারাবাহিকে অভিনয় করেন। অভিনয়জীবনে তিনি একক, ধারাবাহিক ও বিজ্ঞাপনে কাজ করেছেন। সম্প্রতি চিরঞ্জীব মুজিব ছবির শিল্পনির্দেশক হিসেবে কাজ করেছেন তিনি। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার লেখা রানার নামে একটি নাটক টেলিভিশনে প্রচারিত হয়। এটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *