মায়ার্সের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছে ওয়েস্ট ইন্ডিজ

০৭ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): চট্টগ্রাম টেস্টে জয়ের স্বপ্ন নিয়ে সকালে মাঠে নেমেছে বাংলাদেশ। কিন্তু চা-বিরতির পর হারের শঙ্কায় ভুগেছেন মুমিনুলরা।

দৃশ্যপট পাল্টে এমন পরিস্থিতিতে নিয়ে দাঁড় করিয়েছে মায়ার্স-বোনার জুটি।

৩ উইকেটে ১১০ রান পুঁজি নিয়ে মাঠে নেমেছিলেন মায়ার্স ও বোনার। চতুর্থ ইনিংসে অবিশ্বাস্য জুটি গড়লেন এ দুজন।

তবে চা বিস্বাদ লাগলেও বিরতির পর মাঠে ফিরে খেলায় স্বাদ ফেরালেন বাংলাদেশ দলের দুই স্পিনার তাইজুল ও নাঈম।

চা বিরতির পর প্রথম ওভারেই বোনারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তাইজুল। কাঙ্ক্ষিত ব্রেকথ্রু এনে দেন তিনি। ২৪৫ বলে ৮৬ রানের দারুণ এক ইনিংস সমাপ্ত হয় অভিষিক্ত বোনার। 

এর মধ্য দিয়ে ভেঙে যায় মায়ার্স বোনারের ৪৪২ বলে ২১৬ রানের অবিশ্বাস্য জুটি। এর পাঁচ ওভার পর অফ স্পিনার নাঈম হাসানকে রাউন্ড দ্য উইকেটে খেলতে যান জার্মেইন ব্লাকউড। কিন্তু বোল্ড হয়ে যান তিনি। এরপর আবার তাইজুলের আঘাত। বোল্ড করেন জসুয়াকে। তিনি ৫৯ বল খেলে ২০ রান নিয়ে সাজঘরে ফেরেন।

যদিও ডাবল সেঞ্চুরিয়ান মায়ার্স ক্রিজে আছেন এখনও। তিনি একাই ম্যাচ বের করে নিতে সক্ষম। ৩০৬ বলে ২০৮ রান করেছেন তিনি। তার সাথে মাঠে রয়েছেন কেমার রোচ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৯৩ রান। জয়ের জন্য প্রয়োজন দুই রান।

ক্রিকেট/এসকেএম