মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানার আন্দোলনরত শ্রমিকদের ওপর স্থানীয় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বেশ কয়েকজন পোশাক শ্রমিক আহত হন। এরপরই পোশাক শ্রমিকরা কারখানায় হামলা চালান এবং গলি থেকে বের হয়ে মূল সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে পল্লবী মেট্রো রেলস্টেশন এলাকার সড়ক অবরোধ করে রেখেছেন পোশাক শ্রমিকরা।

পোশাক শ্রমিকদের অভিযোগ, বেতন বৃদ্ধির দাবিতে ইপিলিয়ন গ্রুপের পোশাক শ্রমিকরা কারখানার সামনে আন্দোলন করার সময় ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছেন। এতে বেশ কয়েকজন পোশাক শ্রমিক আহত হয়েছেন। তবে অভিযোগ সম্পর্কে স্থানীয় আওয়ামী লীগের কারও সাথে কথা বলা সম্ভব হয়নি।

জানা যায়, আন্দোলনরত পোশাক শ্রমিকদের ওপর হামলার পর তারা ক্ষুব্ধ হয়ে কারখানায় হামলা চালান এবং গলি থেকে বের হয়ে মূল সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় আশপাশের পোশাক কারখানার কর্মীরাও তাদের সাথে যোগ দেন। বর্তমানে মিরপুর-পল্লবীর মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

নাম প্রকাশ না করা শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, ইপিলিয়ন গ্রুপের ওই কারখানার কর্মীরা বেতন বাড়ানোর দাবিতে কারখানার সামনের গলিতে বিক্ষোভ করছিলেন। তখন স্থানীয় আওয়ামী লীগের একদল নেতা-কর্মী তাদের ওপর হামলা চালান। এ সময় কয়েকজন আহত হন। এতে পোশাককর্মীরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। ইপিলিয়নের কারখানার আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকেরাও তাদের সাথে যোগ দিয়েছেন।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন গণমাধ্যমকে বলেন, বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা হওয়ার পর তারা রাস্তায় নেমে এসেছেন।

শ্রমিক আন্দোলন/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *