২৮ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত ‘শেখ মুজিব আমার পিতা’ গ্রন্থ অবলম্বনে ‘মুজিব আমার পিতা’ অ্যানিমেটেড চলচ্চিত্র আজ মুক্তি পেয়েছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে চলচ্চিত্রটির প্রদর্শনী উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রযোজিত এবং সোহেল রানা পরিচালিত অ্যানিমেটেড মুভি ‘মুজিব আমার পিতা’ প্রদর্শন উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুজিবশতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী, বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর ডক্টর নজরুল ইসলাম খানসহ অন্যরা।
তথ্যমন্ত্রী ডক্টর হাছান এসময় চলচ্চিত্রটি নির্মাণের সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান। বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আজকে ৭৫তম জন্মদিনে তার লেখা গ্রন্থ অবলম্বনে নির্মিত প্রথম সেন্সর ছাড়পত্রপ্রাপ্ত অ্যানিমেশন মুভি ‘মুজিব আমার পিতা’র মুক্তি জাতীয় চলচ্চিত্র অঙ্গনে একটি মাইলফলক। অ্যানিমেটেড মুভি আরও হয়েছে কিন্তু সেন্সর ছাড়পত্রপ্রাপ্ত মুভি এটিই প্রথম।
চলচ্চিত্রকে একটি ক্রমবর্ধমান মাধ্যম হিসেবে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। বলেন, প্রদর্শনের মাধ্যম থেকে শুরু করে নির্মাণ মাধ্যম সবকিছুই কিন্তু পরিবর্তন হচ্ছে। কারণ পৃথিবীতে গত দুই দশকে ব্যাপক পরিবর্তন হয়েছে। সেইসাথে চলচ্চিত্রেরও অনেক পরিবর্তন হয়ে গেছে। সেই প্রেক্ষাপটে এই অ্যানিমেশন মুভিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনা এখন আর শুধু বাংলাদেশের নেত্রী নন, তিনি সারা পৃথিবীকে আলো দেখানও নেত্রীতে রূপান্তরিত হয়েছেন। সেই কারণে তাকে জাতিসংঘে এসডিজি অগ্রগতি পদক দেয়া হয়েছে। উন্নয়নে, অর্জনে, সংকটে, সংগ্রামে একটি নাম সেটি হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা হাসলে বাংলাদেশ হাসে। সমগ্র বাংলাদেশ যখন ঘুমায় তখনও শেখ হাসিনা দেশের জন্য জেগে থাকেন।
তাই আজকের এই দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় দেশকে নিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনাকেই প্রয়োজন। এবং তিনি আরও বহু বছর ধরে আমাদের নেতৃত্ব দিয়ে যান, সেই প্রত্যাশা আমাদের, বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
অ্যানিমেটেড মুভি/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply