৮ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৭৪ জন মারা গেছেন। দেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যায় এটি এখন পর্যন্ত সর্বোচ্চ। গতকালের চেয়ে আজ ১১ জন বেশি মারা গেছেন। এর আগে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল গত ৬ এপ্রিলে ৬৬ জন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ৯ হাজার ৫২১ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ৮৫৪ জন। গতকাল ৭ হাজার ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এটি একদিনে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার রেকর্ড ছিল। দেশে এ পর্যন্ত ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৩৩ হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৮৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশে হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জন।
গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৭৪ জনের মধ্যে ৪৮ জন পুরুষ ও ২৬ জন নারী। এরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ পর্যন্ত মারা যাওয়া ৯ হাজার ৪৪৭ জনের মধ্যে ৭ হাজার ১৩০ জন পুরুষ। বাকি ২ হাজার ৩৯১ জন নারী।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।
করোনা/টিটি/আরএম
















Leave a Reply