০৫ ডিসেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): জাপানে নির্মিত হচ্ছে মেট্রোরেলের কোচ। ডিসেম্বরের মধ্যে যাত্রীবাহী কোচের আরও তিন সেট নির্মাণ সম্পন্ন হবে। এর আগে, সেপ্টেম্বরে শেষ হয়েছে আরও দুই সেট কোচ তৈরি।
শনিবার ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে জাপানের ওসাকার কারখানায় মেট্রোরেলের দুই সেট কোচের নির্মাণ সম্পন্ন হয়েছে। আরও তিনটি সেট তৈরীর কাজ দ্রুত এগিয়ে চলছে।
তিনি জানান, মেট্রোরেলটি ৪০ মিনিটেরও কম সময়ে ২০ কিলোমিটারের পুরো রুট ভ্রমণ করতে পারবে। এ রুটে ৬০ হাজার যাত্রী প্রতি ঘন্টায় যাতায়াত করতে পারবেন।
প্রতিটি ট্রেনের ছয়টি কোচের মধ্যে একটি কোচ নারীদের জন্য সংরক্ষিত থাকবে। তবে ট্রেনের অন্যান্য কোচে নারী-পুরুষ একসাথে ভ্রমণ করতে পারবেন।
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল লাইনের প্রথম পর্যায়ের কাজের অগ্রগতি ৭৭ দশমিক ৫৭ শতাংশ। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত রেললাইনটির ৪৭ দশমিক ৪৯ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সামগ্রিকভাবে রেলপথটির ৫৩ দশমিক ৫৮ শতাংশ কাজ শেষ হয়েছে।
ঢাকা মহানগরীর জন্য ২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ মেট্রো রেল সিস্টেমের একটি অংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় ১১ দশমিক ০৪ কিলোমিটার দৃশ্যমান হয়েছে।
৯টি স্টেশনের সাব-স্ট্রাকচার শেষ হয়েছে। উত্তরা উত্তর, উত্তরা মধ্য ও উত্তরা দক্ষিণের স্টেশনের হল ঘরের ছাদ নির্মাণ শেষ হয়েছে। এছাড়াও পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনের হল ঘরের নির্মাণ কাজ চলছে।
উত্তরা মধ্য ও উত্তরা দক্ষিণ-এর প্লাটফরম নির্মাণের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এছাড়া উত্তরা উত্তরের প্লাটফরম নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
পাশাপাশি, কন্ট্রাক্ট প্যাকেজ সিপি-০৭ হস্তান্তরের জন্য টেলিযোগাযোগ, বিদ্যুৎ সাবস্টেশন, সিগন্যালিং ও স্ট্রেশন কন্ট্রোলারের অফিস নির্মাণের কাজও শুরু হয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক আশা করছেন, করোনা পরিস্থিতিতে সুরক্ষা নীতি মেনে এখন যেভাবে কাজ চলছে তা অব্যাহত থাকলে, ২০২২ সালের ডিসেম্বরের মধ্যেই রেলপথের কাজ শেষ হবে।
এমআরটি লেন-৬ নির্মাণকাজে নিয়োজিত কয়েকজন কর্মীর মধ্যে কোভিড-১৯ এর উপসর্গ দেখা দেয়ায় তাদের কাজ থেকে বিরত রাখা হয়েছে।
যাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তাদের বাড়িতে অথবা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রয়োজনে তাদের করোনার জন্য নির্ধারিত হাসপাতালে ভর্তি করা হবে।
ম্যাস র্যাপিড ট্রানজিট-এমআরটি লেন-৬-এর ২১ কিলোমিটার দীর্ঘ রুটে মোট ১৬টি স্টেশন থাকবে। স্টেশনগুলো হলো: উত্তরা উত্তর, উত্তরা মধ্য, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণী, ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল।
দিয়াইবাড়ি, মিরপুর ও মতিঝিল স্টেশনগুলো আইকনিক হবে। অন্যান্য স্টেশনগুলো স্বাভাবিকভাবেই নির্মাণ করা হবে।
সিদ্দিক বলেন, যদি সবকিছু স্বাভাবিক থাকে, তবে নির্ধারিত সময়ের আগেই রাজধানীবাসী তাদের স্বপ্নের মেট্রোরেলে চড়ে দিয়াইবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ভ্রমণ করতে পারবেন।
মেট্রোরেল/এসকেএম/আরএম














Leave a Reply