মেধার ঘাটতি নেই, দরকার শুধু সুযোগের

৫ ফেব্রুয়ারি ২০২১ (বিনোদন ডেস্ক): তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক চলচ্চিত্রকে সৃজনশীল শক্তিশালী একটি মাধ্যম ও সমাজ পরিবর্তনের হাতিয়ার বলে উল্লেখ করেছেন। বলেছেন, যার মাধ্যমে প্রগতিশীল সমাজ গঠন ও ভবিষ্যৎ প্রজন্মের সন্তানদের ভালো কাজে অনুপ্রাণিত করা সম্ভব।

শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব-২০২১-এর সমাপন ও পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন জুনাইদ আহমেদ পলক।

তিনি বাংলাদেশ ধরনের আয়োজন ও আয়োজকদের প্রশংসা করে বলেন, বর্তমান প্রজন্মের শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা আছে বলেই এতো বাধা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মেনে এ চলচ্চিত্র উৎসব সফলভাবে আয়োজন করেছে।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের সন্তানদের মেধার ঘাটতি নেই। দরকার শুধু একটি সুযোগের। তাদের সুযোগ করে দিতে হবে।

পলক বলেন, শিশুদের আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৯ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। ৩০০টি স্কুল অব ফিউচার প্রতিষ্ঠা করা হচ্ছে। এর মাধ্যমে আমাদের সন্তানেরা অ্যানিমেশন, রোবোটিক্সসহ আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হবে।

তিনি বলেন, দেশে ১২টি হাইটেক পার্ক সিনেপ্লেক্স তৈরি করা হচ্ছে। শিশুদের নির্মিত চলচ্চিত্র আন্তর্জাতিকমানের হলে হাইটেক পার্কের সিনেপ্লেক্সে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার অঙ্গীকারও করেন আইসিটি প্রতিমন্ত্রী। এ উৎসব আয়োজনে যেন শিল্পকলা একাডেমির মিলনায়তন পাওয়া যায় তার জন্য তথ্যমন্ত্রী, সংস্কৃতিমন্ত্রী ও প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করা হবে বলে জানান তিনি। সংগঠনটিকে ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, একটি কুচক্রী মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের বিরুদ্ধে আসা সব ষড়যন্ত্র রুখে দিতে চলচ্চিত্রের মাধ্যমে ক্ষুদে নির্মাতা ও কলাকুশলীরা অবদান রাখবে বলেও তিনি আশা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

উল্লেখ্য, ৩০ জানুয়ারি থেকে ৭দিন ব্যাপী আয়োজিত উৎসবে ৩টি ভ্যানুতে ৩৭টি দেশের ১৯৭টি শিশু চলচ্চিত্র প্রদর্শন করা হয়। পরে প্রতিমন্ত্রী ৭টি ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

উৎসব/আরএম/টিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *