মেয়েদের ফুটবল লিগ শুরু

০৭ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক):  করোনা ভাইরাসের কারণে গত মার্চ মাসে স্থগিত হয় মেয়েদের ফুটবল লিগ। নয় মাস পর মেয়েদের ফুটবল লিগ শুরু হচ্ছে আজ।

প্রথমদিনে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল ৩টায় মুখোমুখি হবে শিরোপা প্রত্যাশী বসুন্ধরা কিংস ও এফসি উত্তরবঙ্গ।

পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। দলের অধিনায়ক সাবিনা খাতুন ১৫ গোল করে গোলদাতাদের তালিকায় সবার উপরে আছেন।

এছাড়া নাসরিন একাডেমি এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। করোনার মধ্যে সবার আগে অনুশীলনে নেমেছে তারা।

নাসরিন একাডেমির কোচ মাহমুদা শরীফা বলেন, আমরা জয়ের লক্ষ্যে মাঠে নামব। জয় দিয়ে আমরা আবারও শুরু করতে চাই। তিন সপ্তাহ অনুশীলন করছি। আশা করছি দল আগের মতোই পারফরম্যান্স করবে।

খেলা/এসকেএম