ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ

১০ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, ময়মনসিংহ): ময়মনসিংহের বালুভর্তি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার সকাল ৯টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষে সিএনজির ড্রাইভারসহ ঘটনাস্থলেই দুজন নিহত হন। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা গেছেন।

নিহতরা হলেন, ত্রিশাল উপজেলার বাবুপুরের মৃত হাফিজ উদ্দিনের ছেলে ৮৫ বছর বয়সী হাজী মোহাম্মদ কলিমুদ্দিন ও একই উপজেলার বীর রামপুর ভাটিপাড়ার বাসিন্দা আব্দুল হেকিমের ছেলে ৪০ বছর বয়সী আব্দুল সাত্তার ড্রাইভার। চিকিৎসাধীন অবস্থায় মারা যান একই উপজেলার চকরামপুরের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে ৫০ বছর বয়সী সোহরাব উদ্দিন, বাঘাদারিয়া গ্রামের আজহারুল ইসলামের স্ত্রী ৪৫ বছর বয়সী মিনা ও বাগান গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ৩২ বছর বয়সী ছালাম নবী।

ফায়ার সার্ভিসের ত্রিশাল স্টেশন অফিসার মোহাম্মদ রিয়াজুদ্দিন জানান, ত্রিশাল থেকে সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে বালিপাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়দের সহায়তায় আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। উদ্ধার তৎপরতা শেষে লাশ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ঘটনাস্থলেই দুজন মারা যায়। গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যায়। বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *