ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

২ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): ময়মনসিংহের নান্দাইলে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার সিংরাইল ইউনিয়নের কোনাডাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মাসুদ মিয়া। তিনি কোনাডাঙ্গর গ্রামের ওমর সিদ্দিকের ছেলে এবং পেশায় ঘর মেরামতের কাজ করতেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ৩৫ বছর বয়সী মাসুদ মিয়া আজ দুপুরে এক প্রতিবেশীর টিনের ঘর মেরামত করছিলেন। এ সময় মাসুদের স্ত্রী নাজমা আক্তার জানান, তাদের ঘরের বৈদ্যুতিক পাখা চলছে না। পরে মাসুদ প্রতিবেশীর বাড়ি থেকে নিজ বাড়িতে গিয়ে দেখেন, পাখার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। এ সময় মাসুদ নিজেই বৈদ্যুতিক সংযোগ লাগাতে গেলে বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তি মারা গেছেন। মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ