রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ষড়যন্ত্রে মেতেছে বিএনপি

২৮ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): রাজনৈতিক ভবিষ্যত নিয়ে শঙ্কিত বলেই বিএনপি ষড়যন্ত্র ও অপপ্রচারে মেতে রয়েছে। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।

শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউজে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বিশ্ব সম্প্রদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করলেও বিএনপি-জামাত খুশি তো নয়ই বরং আতঙ্কিত। কারণ, শেখ হাসিনার এই সাফল্যে দেশের মানুষ খুশি। তাই তারা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ও আতঙ্কিত। এই কারণে তারা এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তারা রীতিমতো পয়সা খরচ করে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত টানা ১৩ বছরে প্রতিটি ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। গ্রাম শহরে পরিবর্তন হয়েছে। দেশে এখন আর আগের মতো কুড়েঘর নেই। কাদা মাটির রাস্তা নেই, সর্বত্র পিচঢালা পথ। ১০-১২ বছর পর বিদেশ থেকে কেউ দেশে আসলে এখন আগের মতো আর কোন চিত্র দেখতে পায়না, সর্বত্র দেখে শুধু উন্নয়ন আর পরিবর্তন।

এসময় সংসদে সদ্য পাশ হওয়া নির্বাচন কমিশন গঠন আইন প্রসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রপ্রধানের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের উদাহরণ তুলে ধরেন তথ্যমন্ত্রী। বলেন, নেপালে ও শ্রীলঙ্কাতে রাষ্ট্রপ্রধানের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হয়। পাকিস্তানেও সব প্রদেশের প্রধান বিচারপতিদের নিয়ে রাষ্ট্রপ্রধানের মাধ্যমেই হয়। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে তাদের গভর্ণর জেনারেলরা যারা রাণীর প্রতিনিধি, তাদের মাধ্যমেই নির্বাচন কমিশন গঠন করা হয়।

ডক্টর হাছান বলেন, সারা দুনিয়ার যে পদ্ধতি, তাকে আরও স্বচ্ছ করেছি আমরা। সেখানে সার্চ কমিটি নেই, আর আমাদের যে আইন হয়েছে সেখানে সার্চ কমিটি ১০ জনের নাম প্রস্তাব করবে সেখান থেকে রাষ্ট্রপতি ৫ জনকে নিয়োগ দেবেন।

বৈঠক শেষে বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্র ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট উপ-কেন্দ্র পরিদর্শনে যান ডক্টর হাছান। এরআগে বৃহস্পতিবার রাতে সিলেটে পৌঁছেই প্রথমে হযরত শাহজালাল (র.) ও পরে হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *